নাটোরে পথসভায় পিস্তলসহ যুবক আটক, হুইপ দুলুকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ
নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আটক যুবক স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিলেন।
আটক তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা গণভবনের গেটসংলগ্ন পথসভায় বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তার সঙ্গে দুইবার ধাক্কা লাগে ওই যুবকের। এ সময় তিনি হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে পিস্তলসহ আটক করেন।
ঘটনার সময় পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি আরও জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অস্ত্র বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
তবে আটক তানিম হোসেন দাবি করেন, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। আত্মরক্ষার উদ্দেশ্যেই তিনি অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন।


























