এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পরীক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সব সময়ই থাকে। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তার ভাষায়, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থী নন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পরীক্ষার্থীরা তাদের দাবি সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান বিষয়ে দুটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের যুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রকৃত পরীক্ষার্থী তারা সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্ট। এরপরও যদি কেউ পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালে তাদের জন্য পৃথকভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হবে। এতে সমস্যার সমাধান হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই মন্তব্যে অনেকে কষ্ট পেয়েছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সরকারকে বিব্রত করার অভিযোগে জড়িতদের উদ্দেশে কোনো বার্তা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। তার ভাষায়, কয়েকটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে সীমিত সংখ্যক মানুষকে এ বিষয়ে সক্রিয় দেখা গেছে। গণমাধ্যমে বিষয়টি প্রচার পাওয়ায় এটি বেশি আলোচিত হয়েছে, তবে সরকার এ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন নয়।


























