শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ ভারত সরকার পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (১৭ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নতুন কোনো অগ্রগতি হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।”
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাঠানো আরেকটি প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, একজন অভিযুক্তকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে একজন রাজনীতিককে হত্যার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, তার কাছে ওই নির্দিষ্ট মামলার বিষয়ে কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন, প্রত্যর্পণ-সংক্রান্ত যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইনগত বিধান ও বিচারিক প্রক্রিয়া অনুসারেই বিবেচনা করা হয়।

























