ভারতে চাকরির প্রলোভনে নিয়ে ৬ বাংলাদেশি নারীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগ
পুনেতে উদ্ধার, গ্রেপ্তার ২
ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে মহারাষ্ট্রের পুনে শহরের একটি যৌনপল্লীতে ছয় বাংলাদেশি নারীকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যৌনপল্লী থেকে ওই ছয় নারীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই ছয় নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে মামলা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই যৌনপল্লীতে অভিযান চালায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে নিয়ে আসা হয়েছিল। তাঁদের কাছে কোনো বৈধ নথিপত্র বা পরিচয়পত্র ছিল না।
জিজ্ঞাসাবাদে ওই নারীরা পুলিশকে জানান, কয়েকজন দালাল মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের সীমান্ত পার করে নিয়ে আসে। পরে পুনেতে এনে তাঁদের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এর আগে চলতি বছরের মার্চ মাসেও পুনে নগর পুলিশ বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লী থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল। তাঁদেরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পুনেতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানে তাঁদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ ওঠে।
























