১৭ বছরের জঞ্জাল পরিষ্কারে জনগণের কাছে সময় চাইলেন আমিনুল হক
গত ১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়—এ জন্য জনগণের কাছে কিছুটা সময় চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। পুলিশ যাতে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। এজন্য জনগণের কাছে কিছুটা সময় চাই। জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় যা যা করণীয়, সরকার তা করার চেষ্টা করছে।’
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে ওঠার পাশাপাশি অর্থনৈতিকভাবে ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ, মানুষের বাক্স্বাধীনতা ফিরিয়ে আনা এবং জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব জনগণের কাছে গিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
তিনি বলেন, যুবক ও তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্তভাবে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।
আমিনুল হক আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি ও তাদের বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দিতে ক্রীড়া ভাতা কার্যক্রমও শুরু হয়েছে।
পরে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

















