গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
খুলনায় পথসভায় এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় মানতে চাইছে না। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে খুলনা নগরের শিববাড়ী মোড়ের বাবরি চত্বরে ১১ দলীয় ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, ‘গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। ১১ দলীয় ঐক্য জনগণের এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। একটির পর একটি কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে এক দফা আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন সবাইকে ঢাকায় গিয়ে আন্দোলনে শামিল হতে হবে।’
সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জুলুমবাজি করছে। তবে এই জুলুমবাজির পতন হবে, জনগণের বিজয় হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের জুলুমবাজি থেকে দেশবাসীকে মুক্ত করতে ১১ দলের সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
খুলনার পথসভা শেষে লংমার্চটি যশোরের মুড়ালীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনাল হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন ও সাত দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি এবং প্রয়োজনে এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চে রাজপথের আন্দোলন জোরদারের বার্তা দেওয়া হয়।
























