পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
আহত আরও ২, নিহতদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে
পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন শিশু, কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া এলাকার সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল (২২), শাজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮), ইবাদুলের ছেলে ইমন (১৪) এবং গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কয়েকজন যুবক ও তরুণ উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের পাড়ে পলিথিনের ছাউনি দেওয়া একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানে আশ্রয় নেওয়া ছয়জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বজ্রপাতে আহত দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
























