কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
তিনটি তাজা ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল ইউনিট
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি তাজা ককটেলও উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।























