রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন, লালবাগ বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৫৯ জন, গুলশান বিভাগে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার এবং ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























