শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে যেমন স্বীকৃতি দিতে হবে, তেমনি অন্যায়কারীদের সমালোচনার মুখোমুখি করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি।
তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করা গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর নির্ভরশীল। তাই সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানের শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।























