অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়।
বার্তায় বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে ইতোমধ্যে সমাধান করা হয়েছে। ফলে এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি বা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
















