গ্রেপ্তারের একদিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
গ্রেপ্তারের একদিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দিল্লির একটি আদালত তাকে ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তি ভঙ্গ না করার মুচলেকার শর্তে মুক্তির নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাজিস্ট্রেটের সামনে শুনানি শেষে দিল্লির মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন দীপকে। নির্বাচনী জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে চলমান বিক্ষোভের অংশ হিসেবে কনট প্লেসে ‘তিরঙ্গা মার্চ’ বা পতাকা মিছিল আয়োজনের পরিকল্পনা করায় তাকে আটক করেছিল পুলিশ।
মুক্তির পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেন দীপকে। ছবিটি ২০০৪ সালের ‘ভীর-জারা’ চলচ্চিত্রের, যেখানে পাকিস্তানের কারাগার থেকে ২২ বছর পর মুক্তি পেয়ে শাহরুখ খানের অভিনীত চরিত্রকে কাঁদতে দেখা যায়। ছবির ক্যাপশনে দীপকে লেখেন, ‘ওয়াইফাই এবং ফোন ছাড়া ২৪ ঘণ্টা পর জেল থেকে বের হতে যেমন লাগে।’
শুক্রবার দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে মুক্তি দেওয়া হয়। তবে দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।
এদিকে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনায় ‘ল্যাহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ পদযাত্রার আগে নেহা বোরা ও দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়। এরপরও শিক্ষার্থী ও অন্যরা পতাকা নিয়ে ছোট ছোট পদযাত্রা করেন।
পুলিশ আরও জানায়, দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারার অধীনে শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা নতুন মামলায় দীপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।


























