অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর টুপটুপ রিসোর্ট, আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা
কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অগ্নিনিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চার মাস আগেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে এরপরও বিধি লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে যায় কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মহাপরিচালক জানান, গত জুনে ফায়ার সার্ভিসের একজন পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করেন। এ সময় ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে ১১ জুন রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়। রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্সও ছিল না।
তিনি বলেন, ‘তারা বিধি লঙ্ঘন করে ব্যবসা চালিয়ে গেছে। সরাসরি বললে, অনুমোদন ছাড়াই তারা রিসোর্টটি পরিচালনা করছিল।’























