২০২৭ বিশ্বকাপ জিতে ট্রফি খরা কাটাতে চায় পাকিস্তান: ফখর জামান
সর্বশেষ ২০১৭ সালে আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। দীর্ঘদিনের সেই ট্রফি খরা কাটিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের ওপেনার ফখর জামান। তবে শিরোপা জয়ের প্রত্যাশা পূরণে ক্রিকেটারদের ওপর যে চাপ রয়েছে, তা-ও স্বীকার করেছেন তিনি।
ফখর জানিয়েছেন, আইসিসির বড় কোনো ট্রফি জেতার লক্ষ্য নিয়ে দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন।
পাকিস্তানের এই ব্যাটার বলেন, “আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের ওপর চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।”
দীর্ঘদিন আইসিসির শিরোপা না জেতায় সমর্থকদের হতাশা স্বাভাবিক বলেও মনে করেন ফখর। তবে তাঁর মতে, বর্তমান দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতি করে শিরোপা জয়ের আগ্রহ রয়েছে।
ফখর বলেন, “দীর্ঘদিন আইসিসি ট্রফি না জেতার কারণে মানুষ হতাশ হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা ও সম্মান পাওয়া যায়। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যেভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তা একেবারেই আলাদা অনুভূতি।”
বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন জানিয়ে ফখর বলেন, “আমরা বিশ্বকাপকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি, ট্রফি আবার পাকিস্তানে ফিরিয়ে আনতে পারব।”
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ফখরের মতে, বিশ্বকাপের দল গঠন ও প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজে নামছে।”


























