যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া সভাপতিত্ব করেন।
বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা, উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মাননিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়াতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারেরও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























