২১ অক্টোবর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, বন্ধ থাকছে রিয়াদ রুট
ঢাকা-দাম্মাম রুটে আগামী ২১ অক্টোবর থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল করছে। জরুরি প্রয়োজনে সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীরা এ দুটি রুটের ফ্লাইট ব্যবহার করতে পারবেন।
বিমান জানায়, মদিনা রুটে আগামীকাল রোববার পর্যন্ত বেশি যাত্রী বহনে সক্ষম উড়োজাহাজ ব্যবহার করা হবে। তবে আগামী সোমবার থেকে এ রুটে আবার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লাইট চালু ও সময়সূচি সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণ-সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।























