মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুরে অভিযান চালিয়ে তানভীর জোমাদ্দার নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীর জোমাদ্দারও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে ওই ছাত্রলীগ নেতা তাঁকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























