হিমছড়িতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসলে নামেন। এ সময় ভাটার স্রোতে তাঁরা ভেসে যেতে থাকেন। পরে প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মোহাম্মদ সোলেমান আরও জানান, নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও দুই পর্যটকের সন্ধানে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।






















