মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ধরনের ঝুঁকি দেখছে না।
রোববার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে এ সংলাপের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হবে।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানের গুরুত্ব এবং একটি নির্বাচিত সরকারের অধীনে দেশের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তাৎপর্য এ উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
তিনি বলেন, জনগণের কাছ থেকে পাওয়া ম্যান্ডেট ও জনসমর্থনের ভিত্তিতে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান থেকে এসব আলোচনায় অংশ নেবে। পরবর্তী কার্যক্রমের জন্য বর্তমানে ‘২+২’ সম্পৃক্ততার প্রাথমিক প্রস্তুতি ও ভিত্তি তৈরির কাজ চলছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, সদস্যদেশগুলো বাংলাদেশকে এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ অবশ্যই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। বর্তমানে তিনটি দেশের মধ্যে এ চুক্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এটিকে ইতিবাচক হিসেবেই দেখছে।
তিনি আরও বলেন, এতে বাংলাদেশের যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি। কারণ, এটি মূলত বর্তমান সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।