পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের প্রায় পাঁচ দশকের পুরোনো ভবনটি ভেঙে সেখানে আন্তর্জাতিক মানের আধুনিক সুবিধাসম্পন্ন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানিয়েছেন।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বাংলাদেশ তায়েকোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘৫ম ফেডারেশন কাপ তায়েকোয়ানডো প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যমান পুরোনো ভবনটি ভেঙে আন্তর্জাতিক মানের সব ফ্যাসিলিটিসহ একটি বড় ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।’
তিনি জানান, প্রস্তাবিত বহুতল ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ আধুনিক সব ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে কয়েকজন দেশি-বিদেশি বিনিয়োগকারী এ প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনটি বাংলাদেশের ক্রীড়া প্রশাসনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ২০০৬ সালে নতুন ভবন নির্মাণের আগে পর্যন্ত এখানেই পরিষদের সব কার্যক্রম পরিচালিত হতো। নতুন ভবন চালু হওয়ার পরও দাবা, তায়েকোয়ানডো ও ভারোত্তোলন ফেডারেশনের কার্যালয় রয়েছে পুরোনো ভবনটিতে। এ ছাড়া এখানকার জিমনেসিয়ামে জিমন্যাস্টিকস ও তায়েকোয়ানডোর অনুশীলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়াঙ্গনের একমাত্র আর্কাইভ ‘ক্রীড়াজগৎ’-এর কার্যক্রমও এই ভবনকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে পুরোনো ভবনটি ভেঙে নতুন স্থাপনা নির্মাণের আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেই পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তায়েকোয়ানডো ও জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলেটদের তীব্র গরম ও পর্যাপ্ত আলো না থাকার সমস্যার কথাও স্বীকার করেন আমিনুল হক। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
তিন দিনব্যাপী ‘৫ম ফেডারেশন কাপ তায়েকোয়ানডো প্রতিযোগিতা’য় ২৮টি দল ও সংস্থার মোট ৪৫০ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় ৩৪টি ওজন শ্রেণিতে লড়াই হয়।
সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। জুনিয়র নারী বিভাগে শিরোপা জিতেছে মিরপুর ডিওএইচএস তায়েকোয়ানডো ক্লাব।
বাংলাদেশ তায়েকোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানসহ অন্যান্য অতিথি।

























