মাত্র ৭ হাজার টাকায় ঘরে বসেই করা যাবে এআই ইসিজি
হৃদরোগের ঝুঁকি শনাক্তকরণ সহজ করতে দেশে মাত্র ৭ হাজার টাকা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পোর্টেবল ইসিজি ডিভাইস বাজারে এনেছে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তৈরি এই যন্ত্রের মাধ্যমে ঘরে বসেই ইসিজি করা যাবে। পরীক্ষার রিপোর্টও সরাসরি স্মার্টফোনে পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিভাইসটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে টিটন ইলেকট্রনিকসের পরিচালক আলিয়া শাফখাত বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সুফল এবং কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে এসব মৃত্যুর একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মীর ইশরাকুজ্জামান বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ সহজলভ্য করা গেলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পোর্টেবল এআই ইসিজি ডিভাইসটি হৃদ্যন্ত্রের অস্বাভাবিকতার প্রাথমিক সংকেত ও সতর্কতা জানিয়ে রোগীকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে সহায়তা করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের যথাযথ নীতিসহায়তা পাওয়া গেলে এ ধরনের কম খরচের চিকিৎসাপ্রযুক্তির ব্যবহার বাড়ানো সম্ভব। এতে সাধারণ মানুষের কাছে আরও জটিল রোগ নির্ণয়ের সুবিধা পৌঁছে দেওয়ার পথ তৈরি হবে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের ডিভাইসের ফলাফলকে চূড়ান্ত রোগনির্ণয় হিসেবে বিবেচনা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হৃদরোগের উপসর্গ দেখা দিলে শুধু ডিভাইসের রিপোর্টের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসাসেবা নেওয়া জরুরি।

























