রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন।
নিহত নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অন্যদিকে শাহেদ আহম্মেদ সৌদি আরবে কর্মরত ছিলেন।
মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা ছেড়েছিলেন নাসরুল্লাহ বদরপুরি। আগামী ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল।
তিনি বলেন, রিয়াদে পৌঁছানোর পর তাঁদের দুই ঘণ্টা ট্রানজিট ছিল। সেখান থেকে অন্য একটি ফ্লাইটে মক্কায় যাওয়ার কথা ছিল তাঁদের। ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই হামলার ঘটনা ঘটে বলে ওমরাহ দলের অন্য সদস্যদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন।
নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাঁর সঙ্গে ওমরাহ পালনে যাওয়া দলের সদস্যসংখ্যা ছিল ৪৫ জন। তাঁদের মধ্যে ৩২ জন হামলার ঘটনায় অক্ষত ছিলেন বলে জানান তাঁর ভগ্নিপতি।
তিনি আরও বলেন, হামলায় নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। নিহত অপর বাংলাদেশি সৌদি আরবে কাজ করতেন। এ ঘটনায় একজন দুই পা হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তাঁরা জানতে পেরেছেন।

























