মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে রাস্তা পাকাকরণের কাজ চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৭-এস সংলগ্ন ৮ কবর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে ৮ কবর পর্যন্ত মাটির রাস্তা পাকাকরণের কাজ চলছিল। মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন এই সড়কটি কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে। এ সময় ভারতের নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের তিন সদস্য ঘটনাস্থলে এসে নির্মাণকাজে আপত্তি জানান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। পরে বিএসএফ সদস্যরা নিজ নিজ সীমান্তের ভেতরে ফিরে যান।
কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম বলেন, সীমান্ত এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা উন্নত করতে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। কাজ চলাকালে বিএসএফের বাধা দেওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বলেন, সীমান্ত এলাকায় হওয়ায় অতীতেও একাধিকবার এ সড়ক উন্নয়নের উদ্যোগে বিএসএফ আপত্তি জানিয়েছে। তাঁর দাবি, সড়কটি আন্তর্জাতিক সীমারেখার শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ৮ মুক্তিযোদ্ধার সমাধিতে প্রশাসন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ অবস্থায় বিএসএফের এমন আচরণ আন্তর্জাতিক সীমান্ত আইন পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।
তবে বিজিবির কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, রাস্তা নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে—এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই।
এদিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। বিষয়টি সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস্তা নির্মাণকাজে বিএসএফ বাধা দিয়েছে—এ অভিযোগ সঠিক নয় বলেও তিনি জানান।




















