সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এবং আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাস তানুরায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি শিল্পাঞ্চল-সংশ্লিষ্ট দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়।