পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ
পুলিশের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই দুই ইউনিটের প্রধানের পদ শূন্য ছিল।
একই আদেশে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক রদবদল করা হয়েছে। ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে র্যাবে, স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে, দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায়, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসিতে এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে, স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জে এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















