মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড অত্যন্ত ঝুঁকিপূর্ণ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের ত্রুটিপূর্ণ ৭৩০টি বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৪৭টিকে সাধারণ ত্রুটিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মেট্রোরেলের ত্রুটিযুক্ত আরও ২৯৭টি বিয়ারিং প্যাডের মূল সমস্যা স্থাপন প্রক্রিয়ার (ওয়ার্কম্যানশিপ) সঙ্গে সম্পর্কিত।
স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, মেট্রোরেলের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল চিহ্নিত করা হয়েছে।
রবিউল আলম বলেন, অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী ৭৩০টি ত্রুটিযুক্ত বিয়ারিং প্যাডের সবগুলো ঝুঁকিপূর্ণ নয়। তবে জনস্বার্থ বিবেচনায় এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।
নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ সময়মতো ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্ট রেকমেন্ডেশনস ইমপ্লিমেন্টেশন কমিটি’ গঠন করে। নিরীক্ষা কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কমিটি কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে সম্পন্ন হওয়া উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—যেসব পিয়ারে বিয়ারিং প্যাড সরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, এমন ১০টি স্থানে ‘স্টিল ব্র্যাকেট’ বসানো হয়েছে।
এ ছাড়া বিয়ারিং প্যাড বসে যাওয়ার মাত্রা পরিমাপের জন্য ২৭টি স্থানে ‘সেটেলমেন্ট মার্কার’ স্থাপন করা হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্যাড প্রতিস্থাপনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটলের ঝুঁকি মূল্যায়ন এবং মেরামতের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) অবকাঠামো পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া মেট্রোরেলের কাঠামোর ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পথচারীদের ওপর পড়ে। এতে একজন নিহত ও দুজন আহত হন।


























