অসুস্থ মিনহাজুল ইসলাম রোজানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রোজান অসুস্থ হয়ে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
এদিকে রোজানের অসুস্থতার খবর পেয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দ্রুত সুস্থতা কামনা করে তিনি সংশ্লিষ্টদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
অসুস্থ রোজানকে দেখতে ও তার পরিবারের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসছেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গত শুক্রবার জুমার নামাজের পর মিনহাজুল ইসলাম রোজানের দ্রুত সুস্থতা কামনা করে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পবিত্র কোরআন খতম করে মহান আল্লাহর দরবারে রোজানের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশবাসীর কাছে মিনহাজুল ইসলাম রোজানের সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন—সেই প্রার্থনা করেন।
রোজানের আশু সুস্থতা কামনায় পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
























