জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাত থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ অ্যাভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের রাইজারে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় জ্বালানিমন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বেলা সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিনি আরও বলেন, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, গ্যাসের রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


























