কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫
কুয়াকাটা ভ্রমণের পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার কোচটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য রিজার্ভ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তিনি বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























