মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ সময় সেখানে অবস্থানরত অন্তত ছয়জন আহত হন।
আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বিরোধের জেরে বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, চলমান বিরোধকে কেন্দ্র করে এলাকায় আরও সহিংসতার ঘটনা ঘটতে পারে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















