গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দূর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে একটি বাস ও দুটি হাইয়েস মাইক্রোবাসে করে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি দূর্লভপুর এলাকায় আসে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে অধিকাংশ পালিয়ে যায়। এ সময় ছয়জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে।
আটকরা হলেন— ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভীশিমুল গ্রামের মো. চানমিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাববি (১৯), চরবিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) এবং একই গ্রামের মো. আ. মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)।
বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম বলেন, পার্শ্ববর্তী দুই জেলা থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল করতে এসেছিল। তারা ককটেল ফাটিয়ে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা করলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধাওয়া করা হয়। এতে অধিকাংশ পালিয়ে গেলেও ছয়জনকে ব্যানারসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, দূর্লভপুর এলাকায় মিছিল করতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



























