হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ DGHS-এর
ঢাকা, ১৯ মে — দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহভাজন হাম রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালগুলোতে হাম রোগীদের ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে রোগীদের পরিদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি হওয়া প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী থাকতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও সন্দেহভাজন হাম রোগীদের সব তথ্য নিয়মিতভাবে MIS সার্ভারে আপলোড করতে হবে। এ সংক্রান্ত তথ্য জমা দিতে http://surveillance.dghs.gov.bd ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রযোজ্য হবে।
হাম রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



























