গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর
সরকারের জবাবদিহিতা নিশ্চিত এবং জনসেবামূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
বুধবার সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করছে।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে সরকার। এরপরও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জনগণ শিগগিরই এর সুফল পাবে।
রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনের মাধ্যমে জনকল্যাণে কাজ করছে।
ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরকে ঝুঁকিপূর্ণ সময় উল্লেখ করে তিনি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় দেওয়ার পাশাপাশি প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান তিনি।
গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে সালেহ শিবলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। এজন্য প্রতিটি টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের সংবাদ প্রচার করা উচিত। এতে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজব থেকে রক্ষা পাবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও বক্তব্য দেন।
























