শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘ডা. হ্যানিম্যান
মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘ডা. হ্যানিম্যান’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রবর্তক স্যামুয়েল হ্যানিম্যান-এর জীবন ও কর্ম নিয়ে রচিত নাটকটির লেখক অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়। নাম ভূমিকায় একক অভিনয় করেছেন নাট্যজন মীর জাহিদ হাসান।
নাটকের কাহিনিতে ডা. হ্যানিম্যানের জীবনের শেষ আট বছরের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। জার্মানি ছেড়ে ফ্রান্সে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস, শর্টহ্যান্ডে তাঁর চিকিৎসা পদ্ধতি, ব্যক্তিগত জীবন ও সন্তান হারানোর বেদনাসহ মানবিক নানা দিক নাটকে স্থান পেয়েছে। সংকটের মধ্যেই সম্ভাবনার বীজ নিহিত—এই দর্শনই নাটকের মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, মানুষ মরণশীল হলেও রোগের চিকিৎসা সম্ভব—এই বিশ্বাস ও মানবকল্যাণের দর্শনকে সামনে রেখেই নাটকটি রচনা করা হয়েছে। অন্যদিকে নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, নাটকটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবিকতার গল্প, যা দর্শকদের নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেবে।
নাট্যদল জানিয়েছে, শুক্রবার একই ভেন্যুতে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

























