রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
ডিএমপি সূত্র জানায়, সড়কের পাশে একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।”
এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর বলেন, “আমি প্রতিবেদন তৈরিতে ব্যস্ত আছি। এ বিষয়ে এখন কথা বলতে পারব না।”
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি আইইডি (Improvised Explosive Device)। প্রাথমিকভাবে এটি শক্তিশালী বিস্ফোরক হিসেবে শনাক্ত করা হয়েছে। বোমাটি কীভাবে সেখানে রাখা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করেছে।