পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। প্রয়োজনে তিনি ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনেও যোগ দেবেন বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে টিএমসির কালিঘাটপন্থি শিবির আয়োজিত বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
মমতা বলেন, ‘আমি চাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ুক। আমার কোনো অহংকার নেই। অন্যদেরও বলব, মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করুন। প্রয়োজনে আমি ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব।’
তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বড়। তাই রাজ্যের বিরোধী দলগুলোর প্রতি মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে দলত্যাগীদের উদ্দেশে কঠোর বার্তাও দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকদের’ আর কখনো দলে ফিরিয়ে নেওয়া হবে না।
মমতা বলেন, ‘আমি বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি, সরাসরি বিজেপিতে গিয়ে নির্বাচনে লড়ুন।’ বিদ্রোহীদের বিজেপির ‘প্রক্সি’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিজেপির পাশবালিশ হয়ে থাকার দরকার নেই। যদি বিজেপিকেই সমর্থন করতে চান, তাহলে সরাসরি বিজেপিতে চলে যান।’
বিজেপিবিরোধী রাজনৈতিক লড়াইয়ে বৃহত্তর ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বিরোধী দলগুলোর প্রতি সমন্বিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
























