চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম
চট্রগ্রাম প্রতিনিধি
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংককে পুনরায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, “ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। জনগণ এটা আর মেনে নেবে না।”
শনিবার চট্টগ্রামের লালদীঘি ময়দান-এ অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “শহিদ ওসমান হদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কার বিষয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দেশের আর্থিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।