ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু
ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখে দলটিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যারা মানুষ হত্যা ও গুলি চালানোর পর দেশ ছেড়ে পালিয়েছে, তারা আবার দেশে ফিরে আসার কথা বলছে। তবে জনগণই তাদের প্রতিহত করবে এবং তাদের বিরুদ্ধে হওয়া বিচারের রায় কার্যকর করবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ। অন্যদিকে, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তির হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
প্রতিমন্ত্রী বলেন, গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী চক্র কিংবা একাত্তরের ঘাতকদের মধ্যে কোনো অনুশোচনা নেই। একটি পক্ষ স্বাধীনতার বিরোধিতা করেছে, অন্য একটি পক্ষ নব্য ফ্যাসিবাদী শক্তি হিসেবে বিদায় নিয়েছে। উভয় পক্ষের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অপচেষ্টা সফল হবে না। কারণ, ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সবাই ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি থাকবে না।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহসহ অন্য নেতারা।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


























