শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই তিনি অনুসরণ করবেন।”
এ সময় বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গেও কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। তাঁর মতে, মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হলে সেটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

























