দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।
তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মুখপাত্র বলেন, বিষয়টি পূর্বেই জানানো হওয়ার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
জানা যায়, চলতি মাসের শুরুতে ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে পরবর্তী যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়, যা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে করা মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।
কূটনৈতিক মহলের মতে, দিল্লি বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও যোগাযোগ বজায় রাখা হচ্ছে।