মোকামতলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান।
ডিসি তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নবগঠিত ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন।
কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। এরপর বিষয়টি নিয়ে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়।


























