চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার
রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান তেজগাঁও বিভাগ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি জানান, নয়ন হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। তবে কোন থানায় মামলাটি হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সমকালকে বলেন, নয়ন হোসেন নামে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাঁর জানা নেই। এ নামের কোনো আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁর বিরুদ্ধে আদাবর থানায় কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।
পুলিশের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়ন হোসেনের বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি
























