সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অপপ্রচারের উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
পুলিশের দাবি, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচারকারীদের অনৈতিক তদবির আমলে না নেওয়ায় একটি অসন্তুষ্ট মহল মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির চালানো এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবি করার তথ্য-প্রমাণও পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানায়, জনগণের আস্থা বজায় রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ় মনোবলের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ দায়িত্ব পালনে অপপ্রচার যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ।






















