নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার
নেত্রকোনায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার মহিষারন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি হলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করে পরিচিতি পান।
মামলার বিবরণ ও র্যাব সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১৫ বছর বয়সী এক কিশোরীকে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করার আশ্বাস দিয়ে আসছিলেন রিপন। গত ১ আগস্ট রাতে জরুরি কথা আছে বলে তাকে মগড়া নদীর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে গত ৫ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রিপন আত্মগোপনে চলে যান।
র্যাব-১৪ জানায়, ঘটনার পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহিষারন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আসামিকে থানায় আনার পর শনিবার আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফেসবুকে ভিডিও তৈরি করা রিপন মিয়া ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন। ফেসবুক পেজে তাঁর প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে।






















