৩০ নিত্যপণ্যের বাজার নজরদারিতে এআই ব্যবহারের পরিকল্পনা: শিল্প ও বাণিজ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি আরও কার্যকরভাবে তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ভবিষ্যতে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এআইভিত্তিক ব্যবস্থার মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে বাজার নজরদারি আরও প্রাতিষ্ঠানিক, তথ্যনির্ভর ও কার্যকর হয়।
শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানির প্রয়োজনীয়তা এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই প্রযুক্তি চালু হলে কৃত্রিম সংকট সৃষ্টি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে অস্থিরতা প্রতিরোধে সরকার আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।
পণ্যের মূল্য নির্ধারণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম বাজারব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। তবে সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নের কাজ করছে।
তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে মূল্য নির্ধারণের কাঠামো চূড়ান্ত করা হবে।
























