সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের লামা হাসপাতাল পরিদর্শন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে দুপুর ১২টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে যুগ্ম সচিব হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা আরও মানসম্মত ও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় হাসপাতালের পক্ষ থেকে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। যুগ্ম সচিব তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় হাসপাতালে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মো: ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলামসহ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের এ পরিদর্শনকে স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ট্যাগস :














