তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ছয়জন সদস্য যুক্ত হলেন।




















