ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার অভিযোগ, ছাত্রদলের বিরুদ্ধে দায়ারোপ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, হামলায় এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা-সহ অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সভাপতি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়।
এনসিপি তাদের বিবৃতিতে দাবি করে, দেশে খুন, ধর্ষণ ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি, ছাত্রদল বিভিন্ন এলাকায় সহিংসতা ও পরিকল্পিত ‘মব’ তৈরি করে বিরোধী রাজনৈতিক দল ও মতকে টার্গেট করছে বলেও অভিযোগ আনা হয়।
দলটি আরও উল্লেখ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর পূর্বের হামলার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। রাঙামাটিসহ বিভিন্ন এলাকায় ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এনসিপি ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারী-র সঙ্গে কথা বলতে এগিয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং পরে হামলা চালায়।
ঘটনার পর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহ সদর থানা মামলা গ্রহণ করছে না। এর প্রতিবাদে থানায় অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন তিনি।





















