ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বেড়েছে ১১ পয়সা প্রতি কিলোমিটার, প্রজ্ঞাপন জারি
নিজস্ব সংবাদ :
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এর আগে একইদিন দুপুরে নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ধারা ৩৪(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারণ অনুযায়ী:
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে।
আন্তজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-এর আওতাধীন জেলাগুলোতে (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা) চলাচলকারী বাস-মিনিবাসে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বাস বা মিনিবাসের আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে দূরপাল্লার ক্ষেত্রে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
তবে এই ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।