দিল্লিতে আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ প্রধান বিচারপতির
ভারতের সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া আইনজীবীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) জরুরি চিঠি পাওয়ার পর তিনি এ নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক আইনজীবীদের দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতির কাছে জরুরি চিঠি পাঠায় এসসিবিএ। পরে আইনজীবীদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন সূর্য কান্ত।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আইনজীবীরা। এ সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে প্রায় পাঁচ হাজার মানুষকে আটক করেছে পুলিশ। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে এই ধরপাকড় চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।























